প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা (৪০) নামে যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মৃত্যুদন্ড প্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পান পরিবারের লোকজন। রাতে খোঁজাখুজির পর পাওয়া না গেলে পরদির সকালে এলাকাবাসী জানতে পারে খালের মধ্যে গলায় ছুড়ি দিয়ে কাটা একটি লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে মরদেহ সনাক্ত করে।
পরে নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেফতার করে। অভিযুক্ত সোহেল রানার জবানবন্দী ও ২০ জন সাক্ষির সাক্ষ্য এবং আইনজীবিদের জেরা-তর্ক শেষে আদালত এই আদেশ দেন।
মামলায় রাষ্ট্র্রপক্ষের আবুল কালাম আজাদ ও আসামী পক্ষের মো. শহীদুল হক শহীদ মামলা পরিচালনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ